হে দয়াময়, বিশ্ব স্রষ্টা আল্লাহ
— আব্দুল গনি মিয়া
হে দয়াময়, বিশ্ব স্রষ্টা আল্লাহ –,
তোমার দয়ার ফলে পৃথিবীর সকল সৃষ্টি
আর আমরা বাঁচি,
আমাদের জীবন তরী প্রতি নিয়ত দোলা দেয়
এই মাটি, আলো হাওয়ায়,
স্বাভাবিক নিয়মে বয়ে চলে নদী- সমুদ্রে।
এই পৃথিবীর, জগত – মহাজগতের যতো রুপ সুধা,
যতো আলো বাতাস পানি–,
যতো রঙের, হাসি- আনন্দের খেলা,
যতো ঝলমলে, বাহারী রুপের মহা মেলা–
সবই তোমার দান।
এ সবের কোন শেষ নেই —
এসব যেন বয়ে চলা মহাকাল,
সীমাহীন — অফুরান।
অথচ, তোমার এ নন্দিত বাগানে
আজ কালো মেঘের ছায়া–
মানব বেশী কিছু নষ্ট উন্মাদ,
নব্য ফেরাউন– নমরুদদের আগ্রাসনে
তোমার পৃথিবী এখন কলুষিত,
চারদিকে যুদ্ধের ভয়াবহতা, অগ্নি দাবানল
আর নারকীয় উন্মাদনার খেলা,
শান্তির অবারিত বাগানে
আজ মরণ- খুনের জমজমাট মেলা।
আমরা সাধারণ, তোমার সৃষ্টিকূল,
শান্তিকামী আমআদমি–
হে মহান দয়াময়, হে অন্তর্যামী ;
তুমি আমাদের বাঁচাও–
যুদ্ধবাদী উন্মাদদের বুকে শান্তির সুবাতাস জাগাও।
আমরা শান্তি চাই–,
চাই না কোন রুপ ধ্বংস বিনাশ,
আমরা চাই, কেবলই চাই
তোমার সৃষ্ট জগতের সাবলীল সুবাস–
প্রশান্তির, প্রগতির সুবাতাস।

