স্মরণ-বরণের এক বর্ণিল সন্ধ্যা…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত পাঁচজন কবি,
কথাসাহিত্যিক ও ছড়াকারের উপস্থিতিতে বাংলাদেশ রাইটার্স ক্লাবের এক নান্দনিক আয়োজন।
— আশফাকুজ্জামান
কিছু সন্ধ্যা অন্য রকম হয়ে আসে। রেখে যায়। এক বর্ণিল স্মৃতি। গতকাল সাত নভেম্বর ছিল এমনই এক সন্ধ্যা। বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজন করেছিল এক অনন্য স্মরণ-বরণের অনুষ্ঠান। এ অনুষ্ঠানের একদিকে যেমন ছিল শোক, শ্রদ্ধা, অন্যদিকে তেমনি ছিল আনন্দ ও সাহিত্যের সৌন্দর্যে।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। তারপর পুরা অনুষ্ঠানজুড়ে ছিল এক মায়াময় আবেশ। একদিকে প্রয়াত দুই প্রিয় কবির স্মৃতি চারণ। অন্যদিকে জীবিত কবি-সাহিত্যিকদের সান্নিধ্য। যেন এক ছাদের নিচে মিলেছে অতীত- বর্তমান।
শুরুতেই স্মরণ করা হলো কবি নিশাত খান ও কবি সোহাগ সিদ্দিকীকে। ভয়াল কোভিড-১৯ কেড়ে নিয়েছে দুজনের জীবন। তাঁর চলে গেছেন এই পৃথিবীর ওপারে। সহকর্মী ও বন্ধুদের হৃদয়ে আজও অমলিন তাঁদের স্মৃতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হলো এক মিনিট নীরবতা। মুহূর্তটি ছিল আবেগঘন। উপস্থিত সবাই নীরবে স্মরণ করলেন প্রিয় দুই কবিকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত পাঁচজন আলোকিত ব্যক্তির একসাথে উপস্থিতি। তাঁরা হলেন কবি নূরুল হুদা, কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক ও নাট্যকার ইসহাক খান, কবি বিমল গুহ একং ছড়াকার রহিম শাহ। বাংলা সাহিত্যের পাঁচজন গুণী কবির এই উপস্থিতি এক অনন্য ঘটনা। প্রত্যেকেই নিজস্ব সৃষ্টিশীলতা ও সাহিত্যকর্মে সমৃদ্ধ । বাংলা সাহিত্যকে উজ্জল করেছেন নিজস্ব মহিমায়। এমন সম্মিলন একটি সাহিত্য আয়োজনকে অন্য উচ্চতায় নিয়ে যায়।
এই আনন্দ সন্ধ্যায় কবি আসাদ মান্নান, কবি বিমল গুহ এবং গীতিকবি গোলাম মোর্শেদ চন্দনের জন্মদিন উদ্যাপন করা হয়। এই কবিদের ঘিরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। এ যেন সাহিত্যের মানুষদের সৌহার্দ্য ও ভালোবাসার এক অসাধারণ বহিঃপ্রকাশ।
একই আয়োজনে দুই কবির স্মরণ এবং তিন বরেণ্য কবির জন্মদিন উদ্যাপন ছিল এক অন্য রকম আবেগ। কোথাও স্মৃতির বিষাদ। কোথাও জন্মদিনের আনন্দ। সব মিলে সন্ধ্যাটি হয়ে উঠেছিল অভূতপূর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গুণী কবি, কথাসাহিত্যিক, ও সংস্কৃতিজন। আবৃত্তি, গান ও আলোচনায় মিলনায়তনটি হয়ে উঠেছিল সাহিত্যের এক প্রাণবন্ত মিলনমেলা। পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হওয়ার আনন্দ ছিল অন্যরকম। ছিল পুরোনো দিনের স্মৃতি। ছিল সাহিত্য ও সৃজনশীলতা নিয়ে ভাবনা। একে অন্যের কথোপকথনে মুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশ।
এই সূন্দর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও কথাসাহিত্যিক শাহ মোহাম্মদ সানাউল হক। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা সবার মধ্যে মুগ্ধতা ছড়িয়েছিল। আয়োজনটি পেয়েছিল স্বতঃস্ফূর্ত গতি।
সভাপতিত্ব করেন কবি, লেখক ও স্থপতি শেখ রবিউল হক। সার্বিক আয়োজনে ছিলেন কবি ও কথাসাহিত্যিক সেলিনা শেলী। তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও ভালোবাসয় আয়োজনটি পেয়েছিল দারুণ পূর্ণাতা।
এই সন্ধ্যাটি ছিল স্মৃতির প্রতি দায়বদ্ধতার প্রকাশ ও গুণীজনের প্রতি সম্মান জানানোর আয়োজন। একই সঙ্গে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রকাশ। পাঁচজন পুরস্কার প্রাপ্ত কবির একসঙ্গে উপস্থিতি আয়োজনটিকে দিয়েছে বিশেষ মর্যাদা। তাঁদের একই ছাদের নিচে পাওয়া ছিল সবার জন্য ছিল এক আনন্দের অভিজ্ঞতা। এমন দিন সচরাচর আসে না। তাই সন্ধ্যাটি হয়ে থাকবে স্মরণীয়।
দিন শেষে মনে হয়েছে, কবিরা তাঁদের সৃষ্টির মধ্য দিয়েই বেঁচে থাকেন। তাঁদের কবিতা, চিন্তা ও জীবনবোধ ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। কেউ চলে যান। কিন্তু তাঁর সৃষ্টি থেকে যায়। সেই সৃষ্টির আলোয় পথ খুঁজে নেয় আগামী দিনের সাহিত্য। অনেক দিন মনে থাকবে বাংলাদেশ রাইটার্স ক্লাবের এই সুন্দর স্মৃতির সন্ধ্যা।
আশফাকুজ্জামান
কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও সংগঠক

