নীল চাঁদোয়া রাত
— শামীমা আক্তার জেসমিন
মেঘের কোলে চাঁদ খানি খুব মিষ্টি মধুর হেসে,
ঘুম পাড়াবে ফুলের গন্ধ নিগুঢ় ভালোবেসে,
চাঁদনি মাখা সাদা ফুলের সুবাস পেয়ে সব-
পরীর দেশের রূপকথারা করবে কলরব;
বনকলমী দুলবে মায়ায় নীরব শান্ত বায়,
অদূরে কোন উদাস কিশোর রাখালী গান গায়?
বাঁশবাগানের পাতার ফাঁকে আলোর লুকোচুরি-
আকাশ থেকে নামিয়ে আনে নীল জোনাকীর ঝুড়ি।
বেতস তলে ডাকলে ডাহুক চমকে উঠে পিলে,
ছুটে গিয়ে দেখবে শালুক ফুটলো ক-তো ঝিলে!
নামলে আঁধার আকাশ তলে মায়ের আঁচল জুড়ে-
আসতেই পারো জন্মভুমির মৃন্ময়ী ঘর ঘুরে;
সেথা আছে ঘুম জড়ানো নীল চাঁদোয়া রাত,
ঘুম ফুরাবে স্বপ্ন বিভোর, ফুটবে সুপ্রভাত।

