প্রবল স্রোতের মতো
হৃদয়ের পাড় থেকে দূরে আসি
যখনই মনে করি কিংবা কাছে যেতে চাই
আশেপাশে তামাশার সুর ক্রমশ ঘনীভূত হয়ে
এসে মানুষে অবিশ্বাস হয়
দূর থেকে দূরে- আরো দূরে
গিয়ে
জীবন যেন প্রবল স্রোতের মতো তারপরও ধেয়ে আসে
আমি দেখি— যা গুরুত্বপূর্ণ বলে ভেবেছি,
পরে বোঝা যায় এর চেয়ে অগুরুত্বপূর্ণ কিছু নেই আর।
জীবনের তীর ঘেঁষে
বহু দিন চলে গেছে
আবার তেমন একটা ভালোও লাগে না
দিনগুলি মনে রাখতে।
অন্তরে পরিশ্রান্তি নিয়েই
মুখোমুখি হে জীবন
চারিদিকে খুঁজে দেখি
হৃদয়েই অসম্ভব নিঃশব্দতা।
সবই ক্ষয় হয় কিম্বা কখনো মনে হয়
কোনো কিছুরই হয় না ক্ষয়
জীবনের তীর ঘেঁষে
ফেনিল কোলাহল
কিম্বা কোলাহল না হলেও এইসব ঢেউ
জীবনের কিনারেই থামে
জীবনের বাহিরে তো কিছু নেই
জীবনের আগে পরে কিছু নেই
জীবন এক মরুভূমি
বালিতেই ঝরে পড়ে সব ভ্রমর।

