অসমাপ্ত চিত্রকল্প
মহুয়া বাবর
আমার অসমাপ্ত চিত্রকল্প বারবার থমকে দাঁড়ায়
রাতের আঁধার কাটলেও আসেনা সোনালী রোদ্দুর
শ্রাবণের মেঘ ভাসিয়ে দিয়ে যায় নীল সমুদ্দুর
সময় এখন বেঁচে থাকার যুদ্ধে ব্যতিব্যস্ত
নায়াগ্রা থেকে ভেসে আসা জলরাশিও যেনো আজ বিদগ্ধ
ঝড়ে বিধ্বস্ত উপকূলবাসীর ভাসমান জীবন ও জীবিকা ক্রমশই গুরুতর
মনে পড়ে সাগর পাড়ে গাঙচিলের সাথে ঝিনুক কুড়োনোর দিনগুলো
কৈশোরের মতো তাও কি হারিয়ে গেলো
আর কি শুনতে পাবোনা সমুদ্রের সেই বিহবল সুর
বৃষ্টিতে সরোদের সুর ভেসে আসে আলাউদ্দিন খাঁ’র
আমরা এখন সঙ্গীতকে নিয়ে এসেছি সহজ পন্থায়
জানিনা স্রোতের এই বিবর্তিত ধারা বিনোদনের জন্য কতোটা অমিয় কিংবা অমর
কে জানে এই প্রকৃতি আর সুর আমাদের উপর চরম প্রতিশোধ নেবে না
সেদিন হয়তো আর বেশি দুরে নয়
তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখি পরম মমতায়
শুদ্ধ সুরের চর্চায় বাঁচিয়ে রাখতে পারি আদিসুর
আমার সঙ্গীতের তাল লয় মৃদু থেকে মৃদুলয় হতে থাকে
সঙ্গীত আমার কাছে কোনো সম্পত্তি নয়
আমার একান্ত অনুভবের।

