মনও বাঁচতে চায়
রীমা আক্তার সাথী
আমরা কত কথা বলতে ভয় পাই,
ভয় পাই এ কী বলবে, ও কী ভাববে।
এই ভয়ে মনের কত কথা
মনের ভেতরেই চেপে রাখি।
বলতে ইচ্ছে হয়, তুমি আমার ভীষণ প্রিয়,
বলি না।
ভাবি, বললে কী ভাববে?
বলতে চাই চলো দু’জনে কিছুটা সময় কাটাই,
চুপ থাকি।
ভাবি, শুনলে কী ভাববে?
বলতে চাই তোমাকে একটু ছুঁয়ে দেখি,
বলি না।
ভাবি, মনে মনে কী ভাববে?
লিখতে চাই একটা চিঠি,
লিখি না।
ভাবি, পড়ে কী ভাববে?
সবার সামনে বলতে ইচ্ছে হয় “তুমি সুন্দর”।
বলি না।
ভাবি, লোকে কী বলবে?
এই “ভাববে’ ভাবতে ভাবতে
নিজ হাতে কত ইচ্ছের গলা টিপে মারি।
ভয়ে ভয়ে বলো, নয়তো সাহস করে বলো
তবুও বলো।
কেন মনকে এত শক্ত করে কষ্ট দিয়ে বেঁধে রাখো প্রিয়?
মনকে বাঁচতে দাও।
যেটা বলতে ইচ্ছে হয়, বলে দাও।
“ভাববে” কে ভুলে যাও,
“ভাবুক” কে আঁকড়ে নাও।
দেখবে, বুক হালকা লাগবে।
আর মন?
সে ধীরে ধীরে শ্বাস নেবে,
একটু একটু করে মনও আবার বেঁচে উঠবে।

