আমার শখের পুরুষ
— ইসরাত জাহান সুইটি
তুমি যে আমার শখের পুরুষ
তাই তোমাকে আমি–
ভালোবাসার সাধারণ সংজ্ঞায় রাখিনি কখনও
তোমাকে রেখেছি অনুভবের সেই উচ্চতায়
যেখানে পৌঁছাতে হলে মানুষকে একটু দার্শনিক,
একটু মজনু আর ভীষণ সত্য হতে হয়।
তুমি আমার জীবনের সেই নীরব সৌন্দর্য
যাকে ছুঁতে না পারলেও
অনুভব করা যায় গভীরভাবে।
ঠিক যেমন—
আকাশকে নিজের করা যায় না,
তবু মানুষ প্রতিরাতে আকাশের দিকেই তাকিয়ে থাকে।
তুমি যে আমার শখের পুরুষ
তাই তোমার মাঝে আমি শুধু একজন মানুষ খুঁজিনি,
খুঁজেছি আশ্রয়, মায়া, আর অস্তিত্বের ক্লান্ত পথে
একটু শান্তির আলো।
তোমাকে ভাবলে মনে হয়—
এই পৃথিবীতে এখনও কিছু অনুভূতি আছে,
যেগুলো লাভ-ক্ষতির হিসেব বোঝে না,
শুধু নিঃশব্দে কারো জন্য
নিজেকে উৎসর্গ করতে জানে।
হয়তো এ প্রেম পূর্ণতার জন্য জন্মায়নি
হয়তো এ শুধু–
আত্মাকে সুন্দর করে বাঁচানোর জন্য এসেছে।
কারণ কিছু মানুষকে পাওয়া যায় না,
তবু তুমি থেকো হৃদয়ে
প্রার্থনার মতো, দীর্ঘশ্বাসের মতো,
এক অসমাপ্ত কবিতার
সবচেয়ে সুন্দর লাইনের মতো।
আর তুমি…
তুমি ঠিক সেই রকমই আমার হৃদয়ের গোপন শিল্প
আমার নীরব অহংকার, আমার শখের পুরুষ।

