আসমাউল হুসনা
( এক ও অদ্বিতীয় আল্লাহর গুণবাচক নামসমূহ )
–এম এ ওয়াজেদ
প্রেমের সাগরে সিনান করিয়া তব রূপ আজো খুঁজি
চির জ্যোতির্ময় কোথা হে মহান সারি সারি বৃক্ষ রাজি-
তোমার সৃষ্টির হাজারো প্রকাশ ; পাহাড়ি ঝরনাধারা
হাজারো পর্বত তটিনী সাগর আকাশের গ্রহ তারা
সৃষ্টি বিলাসের কুসুমকানন গায়কী পাখির সুর
সমাসীন তুমি তব রাজাসনে ” আরশে আজিম ” পুর
তব পরিচয় অবশেষে পাই সুরাতুল ইখলাসে –
হাজারো নামের চির মহীয়ান আল কুরআনে ভাসে
চির করুণার তুমি হে আধার তুমি আর রাহমান
অতীব দয়ালু হে আর রাহীম তুমি চির সত্যবান ৷
তুমি রাজাধিরাজ আল মালিক সর্বশ্রোতা আস সামী
সুবিচারকারী আল মুকসিত এককারী আল জামী
চির আলোকিত আন নূর তুমি আল গানী আন নাফী
অবনতকারী হে আল খাফিদ আল বারী আর রাফী
সংশয় মুক্ত হে আল কুদ্দুস চির প্রবল আল আযীম
সম্মানদাতা আল মুয়িজ তুমি হে সর্বজ্ঞ আল আলীম
হে আল বাসিত আল ওয়াহাব ক্ষমাশীল গাফ্ফার
চির সত্য আল হাক্ক শাস্তি দানকারী আল কাহ্হার
ন্যায় বিচারক হে আল আদল শোভিত আর রাকীব
চির প্রজ্ঞাবান হে আল হাকীম কারীম আল মুজিব
চির অসীম তুমি আল ওয়াসি প্রশান্তি আস সালাম
অন্নদাতা হে আল মুকীত তুমি অব্যর্থ আল হাকাম
হে সৃষ্টিকর্তা আল খালিক তুমি হে আল মুসাউয়ির
ক্ষমতাশালী আল জাব্বার তুমি হে আল মুতাকাব্বির
খাবারদাতা আর রাযযাক তুমি আলী ও আশ শাকুর
তুমি চির ক্ষমাশীল দয়াধার দয়ার্দ্র আল গাফুর
হিসাব গ্রহণকারী আল হাসিব তুমি আল মুকাদ্দিম
চির অদৃশ্য আল বাতিন তুমি হে আল মুনতাকীম
প্রকাশমান আয যাহীর তুমি ধনাঢ্য আল মুগনী
আল বাররু তুমি আদ দাররু তুমি হে আল মানীই
তওবা কবুলকারী তাওয়াব তুমি হে মুহাইমিন
সর্বদ্রষ্টা হে আল বাসীর তুমি আল ফাত্তাহ মুমিন
হে আল মুধীল অপমানদাতা চিরঞ্জীব আল হাই
জীবনদাতা আল মুহয়ি তুমি মহিমান্বিত সদাই
নহ মুখাপেক্ষী আল কাইয়ুম তুমি আল ওয়াহিদ
তুমি আল মুয়িদ আল মুবদি তুমি আল ওয়াজিদ
হে মৃত্যুদাতা আল মুমিত তুমি লাতীফ আল কাবির
আল হালিম আল হাফীয তুমি সর্বজ্ঞ আল খাবির
আল কাবীদ তুমি আল জালীল তুমি আল ওয়াদুদ
মহিমাময় আল মাজীদ তুমি প্লাবিত প্রেম কুমুদ
পুনরুত্থানকারী আল বায়িত একক আল আহাদ
ব্যবস্থাপক হে আল ওয়াকীল তুমি হে আস সামাদ
প্রশংসিত আল হামিদ তুমি অনন্ত আল আখির
তুমি আল ওয়ালী তুমি সর্বশক্তিমান আল কাদির
পশ্চাৎবর্তিকারী আল মুয়াখখির তুমি আল হাদী
সৃষ্টির প্রথম আল আউয়াল তুমি হে আল বাদীই
সাহায্যকারী হে আল ওয়ালিয়্যু অটল আল মাতিন
মর্যাদাবান হে আল মুতাআলি দানিয়াছো সত্য দ্বীন
মার্জনাকারী হে আল আফুউ দয়ালু আর রাউফ
সৃষ্টিধারার আল মুহসি তুমি প্রকাশিত অপরূপ ৷
মহাশক্তির আল কাবিয়্যু তুমি ধরার আশ শাহীদ
চিরস্থায়ী আল বাকী তুমি ধরণি মাঝে আর রাশিদ
তুমি চির সহিষ্ণু আস সাবুর হে আল মুকতাদির
গরবিত চির সুমহান সত্তা প্রকাশক ধরিত্রীর
তুমি চির মালিক উল মুলক তুমি চির সার্বভৌম
মহিমাময় উদার যুলজালালি ওয়াল ইকরাম
তুমি চির অব্যয় অক্ষয় অন্তহীন চির প্রাণদাতা
তুমি তামসিক প্রহরের বিচ্ছুরিত নূর পরিত্রাতা
তুমি দৃষ্টিশোভনের মনোহর ছবি বিশ্ববিমোহন
অবিনাশী তুমি চির আদি অন্ত বিরাজিত সর্বক্ষণ

