লেখক নূর কামরুন নাহারের ‘আজ রাতে বৃষ্টি হবে’ গল্পগ্রন্থের আলোকময় আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত।
ধানমন্ডির ৭ নম্বর সড়ক। ১৫ নম্বর বাড়ির রূপায়ন হারমনির মিলনায়তন। গতকাল সন্ধ্যায় গল্পের মায়াবী আবহে সেজে উঠেছিল পুরো মিলনায়তন। 
বাইরে তখন ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি।’ আর ভেতরে কথাসাহিত্যিক ও কবিদের মিলনমেলা। কথাসাহিত্যিক নূর কামরুন নাহারের গল্পগ্রন্থ ‘আজ রাতে বৃষ্টি হবে’র প্রকাশনা অনুষ্ঠান।
কালচারাল প্ল্যাটফর্ম ‘ফেরারি’র সুন্দর আয়োজনে গতকাল শুক্রবার বিকেল থেকেই জমতে শুরু করে আসর।
সাহিত্য অনুরাগীর সমাগমে পূর্ণ হয়ে ওঠে হলরুম। নির্ধারিত সময়ের আগেই অনুরাগীরা মিলনায়তনে জড়ো হতে থাকেন। সবার চোখে-মুখে ছিল এক আনন্দ উচ্ছ্বাস।
আলোচক হিসেবে ছিলেন কবি নাসির আহমেদ। কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, মুজতবা আহমেদ মুরশেদ, মোজাফফর হোসেন, কিযীসহ আরও অনেকে।
প্রত্যেকেই কথাসাহিত্যিক নূর কামরুন নাহারের গল্পগ্রন্থের গল্পগুলোর চরিত্রের গভীরতা, বর্ণনা ভঙ্গি ও ভাষা শৈলীসহ নানা বিষয়ের নান্দনিক আলোচন করেন।
গল্পের ভাষা ও মনস্তাত্ত্বিক রূপায়ণের কথা তুলে ধরেন। তাদের কথায় ফুটে ওঠে লেখকের নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয়।
অনুষ্ঠানের একপর্যায়ে শুভাকাঙ্ক্ষী ও গুণীজনরা বইটির মোড়ক উন্মোচন করেন। সে সময় পুরো কক্ষে করতালি ও আলোক ঝরনা ছড়িয়ে পড়ে। ফটোসংবাদিকদের ক্যামেরার ক্লিকে বন্দি হয় আনন্দের সেই মুহূর্তগুলো।
নূর কামরুন নাহারের সহস্যময় ও সাবলীল কথাসাহিত্য পাঠকদের মন জয় করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। ধানমন্ডির এই সাহিত্য সন্ধ্যাটি শিল্প অনুভূতির এক সুন্দর মেলবন্ধন হয়ে রবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মোহিত কামাল। কবি সৈকত হাবিবের সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি সমাপ্তির দিকে এগিয়ে যায় ।
পাঠকের হৃদয়ে ‘আজ রাতে বৃষ্টি হবে’ দীর্ঘস্থায়ী জায়গা করে নেবে, এটাই ছিল সবার প্রত্যাশা।
আশফাকুজ্জামান
কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও সংগঠক

