নোয়াখালী প্রতিনিধি: রফিকুল ইসলাম রবি
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের ৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায়ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ে ১৫ জন এবং প্রাথমিক পর্যায়ে ২০ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ৫৪ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অন্যান্যদের মধ্যেও খাতা, কলম, জ্যামিতি বক্স, আর্ট সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষকরা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। পরে সকলের উপস্থিতিতে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি খন্দকার নিজাম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিক্ষাবিদ এম.এ. আজিম চৌধুরী, সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী, সেনবাগ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং মগুয়া এম.এ. আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আবু ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তব্য করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,
বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নেই; সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থী ও শিশুদের মেধা বিকাশ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমন উদ্যোগের জন্য তারা উপজেলা প্রেসক্লাবের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সেনবাগের সকল সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এতে সহযোগী মিডিয়া পার্টনার ছিলেন- প্রতিবিম্ব প্রকাশ

