তেল শঙ্কায় তেলেসমাতি
আব্দুর রাজ্জাক রঞ্জু
আহা বাপ! কি যে পাপ, করলো যে ট্রাম্পে,
তেল নিয়ে হাহাকার দেশে-দেশে পাম্পে।
নেই নেই, তেল নেই যা আছে তা অল্প,
চাপাবাজি তবু চলে থামে না তো গল্প।
রাতেদিনে নেতা বলে নেই তেলে ঘাটতি,
বাস্তবে সংকটে তেলে খরা কাটতি।
তেল পেতে দেখি সব কিলো-কিলো লাইনে,
রোদে পোড়ে কত লোক বামে কিবা ডাইনে।
ব্যবহারে বিধি কত সরকারি আইনে,
কোথাও যে কাটছাট কারো কারো মাইনে।
সংকট উতরাতে নানা রূপ চেষ্টা,
কমছে না হাহুতাশ ভেতরের তেষ্টা।
এর মাঝে তেল চুরি পাচারও যে চলছে,
দরে-দামে হিসাবেতে নয় ছয় বলছে।
মুনাফার লোভে কেউ তেল পোঁতে মাটিতে,
তেল পেতে ছুটেছুটি উজানে ও ভাটিতে।
দিনভর রোদে পুড়ে কেউ মরে জ্বলছে,
ভিন পথে তেল নিয়ে কেউ হেসে চলছে।
লাল লেখা সিগনাল তেল আর নেই–শেষ,
তেলেতে নাকাল আজ বিশ্বের সব দেশ।
তেলে দাম বাড়ালে সবকিছু বাড়ছে,
জনতার ঘুম যেন চিরতরে কাড়ছে।
আমেরিকা-ইরানের বাজে রণ ডঙ্কা,
সাথে বাড়ে তেল নিয়ে বিশ্বের শঙ্কা।
“তেলপাম্প বন্ধ”, লেখাটা যে ঝুলছে,
কোন ফাঁকে আবার তা কখন যে খুলছে!
এইভাবে লুকোচুরি কতদিন চলবে,
তেল বিনে পৃথিবীটা আর কত জ্বলবে?
[ কবি: সহঃ অধ্যাপক,
মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ, বগুড়া
ও সভাপতি, পুণ্ড্র সাহিত্য সংসদ বগুড়া।
০১৭১৮৯৩৫৯২৩ ]

