মীরখানার ফকিরি
— রিজোয়ান মাহমুদ
৭৫
আজ সকালে তোমার ঠুমরীতে ভরা কার গীত
আমি কইলাম তুমি মাঘ ও পৌষ মাইস্যা শীত!
দরিয়ার পানি ঢুকে বুকে ভাসে নুন, লালন হাছন
আমি মরি যাই, তয় বুকে বান্ধিনি মন্দ্রিত প্রহসন।
৭৬
রুন ও মীর তোমরা দু’জনেই এসো,ধীর বসো কাছে
বুকের গল্পটি সন্তর্পণে খোল তুমি, মীর মিশে গাছে।
মীরের নিঃশ্বাস ছুঁতে গিয়ে ওখানেই লালনের বিষ
সকালের রোদ লুটপাটে ব্যস্ত, ভালোবাসা অহর্নিশ।
৭৭
তোমার বেদনা থেকে সৃষ্টি হবে অনিন্দ্য আকাশ
বৃষ্টিতে ভিজেও চাঁদ বিন্দুজলসম তোমার প্রকাশ।
যদি কখনোবা চোলি ঘেমে ওঠে চন্দ্রবিন্দু লজ্জা
নদীজলে ভেসে যাবে জ্বর সেতো আমারই সজ্জা।
৭৮
খেতের নাড়ান থেকে বীজের সাক্ষাৎ মর্মমূল খুঁজি
আকণ্ঠ ডুবানো চাষার দাহিকা এক দ্বগ্ধ গ্রাম বুঝি!
দেরী হলে হাত ধরে নিয়ে যাবে আমাকে বুবুর বাড়ি
তুমি পুকুর সাঁতরে পাবে দেবদারু ছায়া সারি সারি।
৭৯
তোমাকে ভালো না বাসলে আমার যে গোনাহ্ হবে
সেকথাই ঘুরেফিরে শূন্যের মাঝারে আর কোন নভে!
দরিয়া ছিল না বুকে উন্মাদনা ছিল বুকের পাঁজরে
তুমি আমার দর্শন, আমারই ধর্ম, সাক্ষী যাও সরে।
৮০
তুমি পরমাত্মা আমার রুনর গোর, উপরে মঞ্জিল
জীবাত্মায় যে ফড়িঙ ওড়ে দেখি নি কখনো বিল।
শিরায় রক্তের চিঠি শুধু নুন, জিহ্বার অনন্য স্বাদ
আমার দোররা দেয়া পিঠে রুন, নিচে সুগভীর খাদ।
৮১
খুব গভীরে যখন আমি, রুন বলে ধীরে যাও দূরে
মীরের রুহানি হাতে একা আমি রুনর দুঃখদ ঘোরে।
রবীন্দ্র জোছনা ছুঁয়ে লজ্জা পাতারা খেলছে গানে
রুনুর তিল্লানা বুক গভীর জখম আমাকেই টানে।
মীরখানার ফকিরি
প্রকাশকাল, চৈত্র ১৪২৯, মার্চ ২০২৩
শৈলী প্রকাশন, মোমিন রোড
চট্টগ্রাম

