বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট লেখক-অনুবাদক ফজলে রাব্বির প্রয়াণে শোকবাণী
————————————–
বাংলা একাডেমির সাবেক পরিচালক ও বিশিষ্ট লেখক-অনুবাদক, গ্রন্থসুহৃদ ফজলে রাব্বি আজ ১৫ই নভেম্বর ২০১৬ তারিখে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
ফজলে রাব্বি ১৯৬১ সালে বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং প্রকাশন-বিক্রয়-মুদ্রণ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন । ‘বাংলা একাডেমি প্রেস’ স্থাপন ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফজলে রাব্বি ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করে প্রায় দেড় দশক দায়িত্ব পালন করেন। তিনি নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার প্রতিষ্ঠাসহ বাংলাদেশে গ্রন্থাগার আন্দোলন প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ‘স্মৃতিতে বাংলা একাডেমি’-সহ তাঁর রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ‘ছাপাখানার ইতিকথা’, ‘গ্রন্থকেন্দ্রের দিনগুলো’, ‘বাংলাদেশর গ্রন্থ ও গ্রন্থাগার’, ‘ভ্রমণে স্বদেশ ও বিদেশ’ ইত্যাদি। অনূদিত বইয়ের মধ্যে আছে: চিনুয়া আচেবের ‘ওকোনকো’, মুখতার লুবিসের ‘জাকার্তায় গোধূলি’, মাইকেল জ্যাকসনের ‘আমার কথা’ ইত্যাদি।
আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
মোহাম্মদ আজম
মহাপরিচালক
বাংলা একাডেমি, ঢাকা।
30 বার পড়া হয়েছে

