6 বার পড়া হয়েছে
ছাগল শুমারী
— জগলুল হায়দার
.
পরিসংখ্যান বোর্ড বসেছে
হিসেব-কিতেব নিতে
বাংলাদেশে ছাগল কতো
ভূমির বিপরীতে।
সেই মোতাবেক নামলো কাজে
দুই জুনিয়র কর্মি
রিপো্র্ট দিলো বোর্ডের কাছে
সার্ভে করে বর্মি।
দু’দিন বাদে বোর্ডমিটিংয়ে
সাহেব বলে ফেলেন
কেমন করে এমন হিসেব
জলদি এতো পেলেন?
কথা শুনে কর্মিরা কয়
বর্মি যাওয়ার পরে
দেখেছিলেম দশটা ছাগল
একটা মাঠে চড়ে।
এরপর সেই মাঠটা মেপে
তার এরিয়া নিলাম
সেটা দিয়েই দেশকে পুরো
ভাগ করে স্যার দিলাম!
ভাগফলটা গুনন করে
দশটা ছাগল দিয়ে
মোট ছাগলের হিসেবখানা
সঙ্গে এলাম নিয়ে!
হিসেব শুনে রাগে সাহেব
কাঁপছে থরো-থরো-
হয়নি বাপু তিনটে ছাগল
ওর সাথে এ্যাড করো।
থতোমতো কর্মিরা কয়
বাদ গেলো ফের কে?
সাহেব বলেন তো্মরা দু’টো
এবং আমি-ই হে !

