অবাজারি প্রেম
সুরমা খন্দকার
আমার শূন্যতার ক্যানভাসে তোমার চেয়ে ভালো কোনো অপশন নেই,
অথচ কী অদ্ভুত দেখো-
তোমার প্রয়োজনের ক্যালেন্ডারে পাতা উল্টে গেলেই,
আমার যত্নে জমানো আবেগগুলো
এক নিমিষেই হয়ে যায় গুরুত্ব হীন,বাতিল!
যে অনুভূতিগুলো আমি যত্ন করে আগলে রাখি,
যে দীর্ঘ অপেক্ষাগুলোকে আমি ভালোবাসা বলে মানি!
আমি চেয়েছিলাম এক শতাব্দী প্রাচীন বটবৃক্ষ হতে,
যার ছায়ায় কোনো হিসেব থাকবে না।
আর তুমি খুঁজলে এক আধুনিক ছাতা,
যার উপযোগিতা ফুরিয়ে গেলে বন্ধ করে রাখা যায় ঘরের কোণে।
এই ব্যস্ত শহরে অনুভূতির কোনো বাজারমূল্য নেই!
নইলে নিশ্চিত জেনো,
কিছু ভালোবাসা ভালোবাসার নিলামে
পৃথিবীর সব ধনকুবের কাছে হেরে যায় না।
কিছু ভালোবাসা তো কোনো জ্যামিতিক পরিমাপ ছাড়া হয়,
প্রত্যাশার চেয়ে খানিকটা বেশি আকাশ,
প্রাপ্তির চেয়ে ঢের গভীর কোনো মহাসমুদ্র,
আর বেঁধে দেওয়া সীমানার চেয়ে অনেক দূর পর্যন্ত।
তবু এই যান্ত্রিক পৃথিবী ভালোবাসার গভীরতা বোঝে না,
তারা মাপে প্রয়োজনের ওজন।
তারা হৃদয়ের কম্পন বোঝে না,
তারা খোঁজে সস্তার উপযোগিতা।
তাই হয়তো, আমার বিনিদ্র রাত, আমার দীর্ঘ অপেক্ষা,
আর বুকের ভেতর জমে থাকা অজস্র না-বলা আর্তি-
তোমার করপোরেট জীবনে কেবলই মূল্যহীন কিছু ডেটা।
তবু জেনো, ভালোবেসে হেরে যাওয়ার যে রাজকীয় অহংকার-
তা তোমার এই সস্তার পৃথিবী কোনোদিনও কিনতে পারবে না।
