দুমুঠো ভাতের ছবি ঈদের চাঁদে
আব্দুর রাজ্জাক রঞ্জু
মিনার থেকে ভেসে আসে শাওয়ালের আগমনী ধ্বনি
ঈদের চাঁদ নেমে আসে অট্টালিকার ছাদে;
ছাদ ছুঁয়ে গলে পড়ে জ্যোৎস্না; সজ্জিত বেলকুনিতে।
আতরের ঘ্রাণে সুরভিত বাতাস দোলা দেয়,
রেশমি পাঞ্জাবির গা ছুঁয়ে খেলা করে মুগ্ধতায়।
চোখ ধাঁধানো আলোক সজ্জায় ঝলকায় বিলাসী খাবারের বাহার!
যাদের আলমারি উপচে পড়ে বিলাসিতার স্তুপে,
তাদের সস্তা কাপড়ের আশায় পদদলিত মানুষ!
ওপারের জীর্ণ পল্লীতে তখনো মেঘে ঢাকা চাঁদ,
অমাবস্যায় ধেয়ে আসা দুঃখের প্লাবন,
অভুক্ত শিশুর ক্রন্দন ধ্বনি প্রতিধ্বনিত হয়
কান্না ভেজা আজানে–সকরুণ বেদনার আর্তিতে।
ক্ষুধার্তের তপ্ত নিঃশ্বাসে সেদ্ধ হওয়ার অপেক্ষায় দুমুঠো ভাত।
সমতার আলো ছড়াবে কবে ঈদের বাঁকা চাঁদ?
বৈষম্যের দেয়াল ভাঙা ঈদ আসবে কি পৃথিবীতে?

