কবি শাকেরা বেগম শিমু’র কবিতাগুচ্ছ
১)
একুশ মানে
শাকেরা বেগম শিমু
একুশ মানে মাতৃভাষার
ছন্দে গাওয়া গান,
একুশ মানে দেশের প্রতি
মনের গভীর টান।
একুশ মানে কৃষ্ণচূড়ার
রক্তমাখা ডাল,
একুশ মানে স্বাধীন হাওয়া
মুক্ত চিরকাল।
একুশ মানে তাজা খুনের
লোহিত রক্তনদী,
একুশ মানে হানাদারের
দখল করা গদি।
একুশ মানে বুকে অসীম
সাহস-মনোবল,
একুশ মানে এগিয়ে চলা
মুক্তিসেনার দল।
২)
আগুনঝরা ফাগুন
শাকেরা বেগম শিমু
ফাগুন এলে শোনা যায় গুনগুণানি,
মৌঁমাছি গায় গান মনমোহিনী।
একরাশ ফুল ফোটে ফুলবাগানে,
মধুকর ছুটে আসে মধুর টানে।
আসমানে ভেসে আসে আযানের সুর,
মুমিনের কণ্ঠে তা কতো সুমধুর।
কচিঘাস শিরশির করে বাতাসে,
নীল প্রজাপতি উড়ে নীল আকাশে।
কোকিলের কূহু কূহু মধু লাগে কানে,
মন ভরে ভোঁমরা’র গুনগুন গানে।
ফুলের কলিরা ভোরে জেগে দেয় উঁকি,
তাই নিয়ে মেতে থাকে ছোট ফুলখুকি।
কৃষ্ণচূড়ার ডালে লেগে যায় আগুন,
বিধাতার দান অনুপমা এ ফাগুন।
৩)
একুশের গল্প
শাকেরা বেগম শিমু
একুশ আমার মায়ের আঁচল,
বোনের মুখের বুলি,
একুশ বাঙালিদের বুকে
পাক বাহিনীর গুলি।
একুশ হলো মাতৃভাষা
রক্ষা করার শপথ,
সালাম, রফিক, বরকতদের
রক্তে ভেজা পথ।
একুশ হলো বাংলা মায়ের
বুকফাটা আর্তনাদ,
বাঙালিদের জন্য পাতা
পাক বাহিনীর ফাঁদ।
একুশ মুক্তিসেনার রক্তে
ভেজা দেশের মাটি,
একুশ হলো ধ্বংসপ্রাপ্ত
হানাদারের ঘাঁটি।
মিশিগান, আমেরিকা।

